টপ পোষ্ট

ভারতের কোচ হতে রেকর্ড সংখ্যক আবেদন

0

ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। এর মধ্য থেকে অন্তত ২০০০ আবেদন গ্রহণ করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে দেশটির সংবাদমাধ্যমগুলোর মতে বর্তমান কোচ রবি শাস্ত্রীকে টেক্কা দেবে এমন কোনো আবেদন জমা পড়েনি।

ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়ার টম মুডি, নিউজিল্যান্ডের মাইক হেসন (বর্তমানে আইপিএল দল কিংস ইলিভেন পাঞ্জাবের কোচ), ভারতের লালচাঁদ রাজপুত ও রবিন সিং আবেদন করেছেন। তবে শীর্ষ এ পদে এখন পর্যন্ত আন্তর্জাতিক বড় কোনো নাম আসেনি।

শোনা গেছে, টিম ইন্ডিয়ার কোচ হতে চান লংকান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। কিন্তু সেই ২০০০ আবেদনের মধ্যে তার নাম নেই। তবে ফিল্ডিং কোচ পদে দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের আবেদন করার কথা জানা গেছে।

এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিদায়ের পর রবি শাস্ত্রীকে ঘিরে দলের কোচিং প্যানেলের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তাদের সঙ্গে ৪৫ দিনের মেয়াদ বাড়ানো হলেও সব পদের কোচের জন্য বিজ্ঞপ্তি দেয় ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। গত মঙ্গলবার ছিল কোচ পদে আবেদন করার শেষ দিন।

সঠিক কোচ বাছাইয়ে অন্তর্বর্তীকালীন ক্রিকেট উপদেষ্টা কমিটি গঠন করেছে ভারতীয় বোর্ড। তাতে নেতৃত্ব দেবেন দেশটির প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিন সদস্যবিশিষ্ট কমিটির অপর দুজন হচ্ছেন আনশুমান গায়েকর ও সনাথ রঙ্গশামি। আগামী ১৪ ও ১৫ আগস্ট কোচপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার কথা রয়েছে।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন