
দেশে বর্তমান ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হলেও তা নিয়ন্ত্রণের বাইরে নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শোকাবহ আগস্ট উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।
বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিদেশি পত্র-পত্রিকার খবরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এটিকে (ডেঙ্গু পরিস্থিতি) মিডিয়া মহামারি আর যা-ই বলুক, হাতের তালু দিয়ে আকাশ ঢাকা যায় না। পরিস্থিতি উদ্বেগজনক, তবে নিয়ন্ত্রণের বাইরে নয়।
তিনি আরো বলেন, ডেঙ্গু শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে। ফিলিপাইনে এ পর্যন্ত ডেঙ্গুতে ৮শ জনের মৃত্যু হয়েছে, এক লাখ আক্রান্ত হয়েছে। তারা জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে। ভিয়েতনামেও ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ভারতে কম আছে, ইন্দোনেশিয়ায় অনেক বেশি, থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে, সিঙ্গাপুরে অনেকে আক্রান্ত।
মিডিয়ার হিসাবে অনুযায়ী আমাদের দেশে ১৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। ১৩ হাজার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এটাকে মহামারি বলুন আর যাই বলুন আমরা যা সত্য তা স্বীকার করে মোকাবিলায় কাজ করছি। অবস্থা অ্যালার্মিং। মোকাবিলা করা কঠিন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নয়। আমরা এটা মোকাবিলা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা সাহস রাখি শেখ হাসিনার নেতৃত্বে পরিস্থিতি মোকাবিলা করবো।