রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত নিজেও একজন কিশোর। সে হাসপাতালটির ক্যান্টিনে কাজ করে। সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিশুটির মা ওই হাসপাতালে চাকরি করেন। ডিউটির সময় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যান। বিকেলে হাসপাতালটির ক্যান্টিন বয় রায়হান শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ক্যান্টিনের বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার দিলে সেখানে থাকা লোকজন বুঝতে পেরে বাথরুম থেকে উদ্ধার করে।
ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক মো. মোশাররফ হোসেন বলেন, গতকাল রাত সোয়া ৮টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী মেয়েশিশুটির ভাই বলেন, মায়ের সঙ্গে সে (শিশু) হাসপাতালে গিয়েছিল। সেখানে ধর্ষণের শিকার হয় সে। তার চিৎকার শুনে আশপাশের লোক জড়ো হয়। পরে তারা পুলিশকে জানান।