
আরো একটি ফাইনাল। আরো একটি সম্ভাবনার মাঝে দুঃস্বপ্নের উকিঝুঁকি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে নামার আগে ভেসে ভেড়াচ্ছে অন্য সব ফাইনালের তীক্ত স্মৃতি। তবে ডাবলিনে বাংলাদেশ দলকে ফোন করে সাহস যোগালেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, চ্যাম্পিয়ন হওয়াই শেষ কথা নয়, মন উজাড় করে খেলাই গুরুত্বপূর্ণ।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী ভিডিও কল করেছিলেন অধিনায়ক মাশরাফিকে। কথা বলেছেন দলের সবার সঙ্গে। জানিয়েছেন শুভকামনা।
মাশরাফি জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী কখনোই ট্রফি জয়ের কথা বলেন না। তিনি দলকে শুভকামনা জানিয়েছেন। বলেছেন টেনশন না করে মন খুলে খেলতে। চ্যাম্পিয়ন হতেই হবে এমন কোনো কথা নেই।’
মাশরাফি আরও জানান, ‘অনেক সময়ই আমাদেরকে ফোন করে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান। বরাবরই এরকমই বলেন। কখনোই বলেন না যে এবার চ্যাম্পিয়ন হতেই হবে।’ ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলে যাওয়া বাংলাদেশ আরও একটি ট্রফির দুয়ারে। টাইগাররা এবার কি পারবে ফাইনালে বারবার হেরে যাওয়া হতাশা গুছাতে?
সবশেষ দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে, পাকিস্তান-শ্রীলংকার মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ। কিন্তু শিরোপার দুয়ারে গিয়ে ভারতের বিপক্ষে ৩ উইকেটে হেরে যায় মাশরাফিরা।
গত বছরের জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ২২২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৭৯ রানে হেরে যায় বাংলাদেশ। এর আগে ২০১২ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ খেলেও মাত্র ২ রানে হেরে যায় টাইগাররা।