১৫ সেপ্টেম্বর ছয় জাতীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। সে হিসেবে টুর্নামেন্টে প্রথম বল গড়াতে সপ্তাহ দেড়েক বাকি। কিন্তু তার আগেই ভারতের বিরুদ্ধে ‘মাঠে’ নেমে পড়লেন পাকিস্তানের পেসার হাসান আলী। এমনকি তার বুক লেভেলের বাউন্সে রীতিমত ধরাশায়ী করলেন ভারতীয়দের। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) লাহোরে সাংবাদিকদের জানিয়ে দিলেন, পাকিস্তানের বিরুদ্ধে চাপে থাকবে ভারতই।
গতবছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পরে আবার দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। এবার লড়াই মরুশহর সংযুক্ত আরব আমির শাহির দুবাই এবং আবুধাবিতে। যেখানে ১৯ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে রোহিত শর্মার ভারত। যে ম্যাচ নিয়ে পাকিস্তানি পেসার আলী বলছেন, ‘‘আমরাই এখন এগিয়ে আছি। গতবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পরে ভারতই এ বার চাপে থাকবে।’’
আলী আরো বলছেন, ‘‘সংযুক্ত আরব আমির শাহি মানে আমাদের ঘরের মাঠ। আমরা দীর্ঘদিন ধরে ওখানে খেলছি। আমরা জানি ওখানকার পরিবেশ, পরিস্থিতি কী ভাবে কাজে লাগাতে হয়।’’
এশিয়া কাপে বিরাট কোহালিকে ছাড়াই খেলতে যাচ্ছে ভারত। আলী নিশ্চিত, কোহালির অনুপস্থিতি ভোগাবে রোহিতদের। গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাল বল করা এই পেসার বলছেন, ‘‘সবাই জানে বিরাট কোহালি কী ধরনের ক্রিকেটার। ও যে এক জন ম্যাচ উইনার, সে কথা মনে করিয়ে দেয়ার দরকার নেই। কিন্তু বিরাট তো এশিয়া কাপে খেলছে না। ওর জায়গায় যে খেলবে, সে বিরাটের মতো চাপ নাও নিতে পারে। এ ব্যাপারটাও আমাদের সুবিধে করে দেবে।’’
ভারতের বিরুদ্ধে ম্যাচে কী লক্ষ্য রাখছেন সামনে? আলী বলছেন, ‘‘ভারত ভাল দল। কিন্তু আমি যখন মাঠে নামব, তখন লক্ষ্য থাকবে ভারতের ১০টা উইকেটই নেয়ার। ম্যাচে পাঁচটা নয়, আমি দশটা উইকেটই চাই। আর তার পরে বিশ্বজুড়ে আমার ভক্তদের খুশি করতে চাই উৎসব করে।’’