বান্দরবানের লামা উপজেলায় দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্যের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, গত বুধবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের এক জঙ্গলে তাদের ধর্ষণ করা হয়।
পুলিশের কাছে এই দুই কিশোরী ধর্ষণের কথা জানিয়ে থানায় মামলাও দায়ের করেছেন।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপ্পেলা রাজু নাহা।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগে মামলাটি হয়েছে। এ ঘটনায় কাউকে এখনও পর্যন্ত আটক করা হয়নি।
এলাকার বাসিন্দারা বলছেন, উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের একটি বিজিবি ক্যাম্পের তিন সদস্য বুধবার রাত ১০টার দিকে অস্ত্রসহ ত্রিপুরা পাড়ায় যান। তারা পাড়ার এক গৃহিণীর মাধ্যমে দুই কিশোরীকে পাড়া থেকে কিছু দূরে জঙ্গলে ডেকে নেন। সেখানে তিন বিজিবি সদস্যের একজন পাহারায় থাকেন। আর দুজন অস্ত্রের ভয় দেখিয়ে দুই কিশোরীকে ধর্ষণ করেন।
ওই দুই কিশোরী মামলার অভিযোগে জানিয়েছেন, দিদি সম্পর্কীয় এক প্রতিবেশীর মোবাইল ফোন থেকে কল দিয়ে তাদের ডেকে নিয়ে যায় বিজিবি সদস্যরা। প্রথমে তারা যেতে চাইছিল না। তখন দিদি তাদের বলেন- না গেলে অসুবিধা হবে। এ কথায় ভয় পেয়ে তারা সেই জঙ্গনে যায়। সেখানে গেলে বিজিবি সদস্যরা প্রথমে তাদের টাকা দিতে চান। রাজি না হলে অস্ত্রের ভয় দেখিয়ে দুজন বিজিবি সদস্য দুজনকে ধর্ষণ করেন। একজন তখন পাহারায় ছিলেন। পাড়ার লোকজন এগিয়ে এলে বিজিবি সদস্যরা পালিয়ে যান।
বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন মজুমদার বলেছেন, বিজিবি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা সুনির্দিষ্টভাবে তিন বিজিবি সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেছে।
লামার ওসি বলেন, ‘দুই কিশোরীর জবানবন্দির ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। দুই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় সব ধরনের আইনি ব্যবস্থা নেয়া হবে।’