অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল সিডনি সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে অবদান রাখায় সফরে গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের জেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘২০১৮ গ্লোবাল সামিট অব্ উইমেন’ শীর্ষক বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রী আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনি সফর করবেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সদস্যরা, পররাষ্ট্র এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ একাধিক কর্মকর্তারা অন্তর্ভূক্ত থাকবেন।’
যুক্তরাষ্ট্র ভিত্তিক এনজিও গ্লোবাল সামিট অব্ উইমেন বাংলাদেশ এবং সমগ্র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা এবং নারী উদ্যোক্তাদের কর্মকান্ড প্রসারে অভূতপূর্ব নেতৃত্ব দেয়ার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল উইমেন লিডারশিপ এ্যওয়ার্ড নেয়াার আমন্ত্রণ জানিয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ফোরামটি প্রতি বছর নারীর অর্থনৈতিক ক্ষমতায়নকে উৎসাহিত এবং সারা বিশ্বে তা নিশ্চিত করার জন্য শীর্ষ সম্মেলনের আয়োজন করে থাকে। গ্লোবাল উইমেনস লিডারশিপ এ্যওয়ার্ড একটি আজীবন সম্মাননামূলক স্বীকৃতি।
তিনি আরও বলেন, ‘গত বছর জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই পদক পান। এর আগে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা, জাতিসংঘের সাবেক শরণার্থী বিষয়ক হাইকমিশনার সাদাকো ওগাতা, চিলির সাবেক রাষ্ট্রপতি মিশেল ব্যাশেলেট, আয়ারল্যান্ডের সাবেক রাষ্ট্রপতি মেরি রবিনসহ অনেক প্রথিতযশা ব্যক্তি এই মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়েছেন।’
আগামী ২৭ এপ্রিল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল উইমেনস লিডাশিপ এ্যওয়ার্ড গ্রহণ করবেন জানিয়ে আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘সম্মাননা গ্রহণ উপলক্ষে ওইদিন প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন, সম-সুযোগ, সম-অধিকার প্রতিষ্ঠায় এবং নারীকে জাতীয় উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে বর্তমান সরকারের নেয়া উদ্যোগ, অবদান এবং সাফল্যগুলো তুলে ধরবেন। এই স্বীকৃতি বৈশ্বিক অঙ্গণে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’
সিডনির কমনওয়েলথ হাউজে আগামী ২৮ এপ্রিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই তথ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠকে শিক্ষা, ত্রীড়া, মানব সম্পদ উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, নিরাপত্তা, তথ্য-যোগাযোগ প্রযুক্তিসহ একাধিক বিষয়ে আলোচনা করা হবে। এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমন্ডলে চলমান ঘটনাবলীর ওপর দুই প্রধানমন্ত্রী মত বিনিময় করবেন।