
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন ভারতের মানুসী ছিল্লার। সৌন্দর্য আর বুদ্ধিমত্তায় তিনি সবাইকে টপকে পরেছিলেন বিশ্বসুন্দরীর মুকুট। এরপর ২ বছর কেটে যাচ্ছে। কিন্তু বলিউডে এখনও আত্মপ্রকাশ করেননি মানুসী।
শোনা যাচ্ছিল, বলিউড ভাইজান সালমান খানের ‘কিক টু’ সিনেমায় দেখা যাবে মানুসী ছিল্লারকে। সেই খবরে সালমানের ভক্তরাও খুশি হয়েছিলেন। কারণ প্রিয় নায়কের বিপরীতে নতুন মুখ দেখতে পাবেন।
তবে সেই নতুন মুখ আর আসছে না। কারণ তাকে হটিয়ে দিয়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। মানুসী ছিল্লারকে সরিয়ে তিনি জায়গা করে নিয়েছেন ‘কিক টু’ সিনেমায়। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম থেকে।
২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘কিক’ সিনেমাটি। সাজিদ নাদিয়াওয়ালার পরিচালনা ও প্রযোজনায় সিনেমাটি ব্যবসাসফল হয়। ‘কিক টু’ সিনেমাটিও তিনিই করছেন। তার ইচ্ছে ছিল, এই সিনেমায় নায়িকা হিসেবে নতুন কাউকে রাখার। সেজন্য এগিয়ে রেখেছিলেন মানুসী ছিল্লারকে।
তবে জ্যাকলিন ফার্নান্দেজ সেটা হতে দেননি। তিনি সালমানের সঙ্গে কথা বলে নিজেকে এই সিনেমায় যুক্ত করেছেন। একটি ভারতীয় গণমাধ্যম জানায়, জ্যাকলিন ফার্নান্দেজ নাকি ‘কিক টু’ হাতিয়ে নিয়েছেন। যেভাবেই হোক, তিনি এই ছবিটিতে যুক্ত হতে চাইছিলেন। এজন্য তিনি বন্ধু সালমান খানের মাধ্যমে সাজিদ নাদিয়াদওয়ালাকে রাজি করিয়েছেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে অন্য কাউকে এই ছবিতে নেওয়ার ভাবনা বা পরিকল্পনা বাদ দিতে হয়েছে পরিচালককে।