শীতকাল মানেই বিয়ের মৌসুম। আত্মীয়-স্বজনের আনাগোনা, দেদার খাওয়া-দাওয়াও চলে। সেই সঙ্গে নষ্ট হয় প্রচুর খাবারও। এবার সেই দিকে তাকিয়ে বড় পদক্ষেপ নিল দিল্লি সরকার।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিয়ে বাড়িতে অতিথির সংখ্যা বেঁধে দেয়ার পথে হাঁটছে দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের সরকার। কারণ হিসেবে জানানো হয়েছে, বিয়ে বাড়িতে প্রচুর খাবার নষ্ট হয়। ফলে খাদ্য ও পানির সাময়িক সমস্যা তৈরি হয়।
আবার বিয়ে বাড়ির গাড়ির জন্য যানজটও সৃষ্টি হয় বিভিন্ন জায়গায়। এসব সমস্যা থেকে সুরাহা পেতেই এবার বিয়ে বাড়িতে অতিথির সংখ্যা বেঁধে দিতে চাইছে আপ সরকার।
এরই মধ্যে দেশের শীর্ষ আদালতে এ মর্মে আবেদনও জানিয়েছে দিল্লি সরকার। দিল্লির চিফ সেক্রেটারি বিজয় দেব সুপ্রিমকোর্টকে জানান, এ পদক্ষেপে রাজধানী ধনী ও গরিবের ভারসাম্য ঠিক থাকবে। পদক্ষেপটি দিল্লির সরকারের সম্মতিতেই আনা হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে পুরো বিষয়টি লিখিত আকারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।