অভিষেকেই এই ঝলমলে ইনিংসের পর অনেকেই তার সঙ্গে কিংবদন্তি শচীন টেন্ডুলকার এবং বীরেন্দ্র শেবাগের মতো সাবেকদের তুলনা টানতে শুরু করেছেন। যদিও ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এসব তুলনার একেবারেই পক্ষপাতী নন। তিনি বলেছেন, ‘শেবাগের সঙ্গে তুলনা করবেন না। শেবাগ একটা দারুন প্রতিভা। পৃথ্বী বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলুক; আমি নিশ্চিত ও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাতেও রান পাবে। কিন্তু শেবাগের সঙ্গে তুলনা করা উচিত নয়।’
পৃথ্বীর ভূয়সী প্রশংসা করেছেন সৌরভ। তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতেও ও ভালো খেলবে। ও যেভাবে ব্যাট করেছে তাতে ওর টেম্পারমেন্ট ধরা পড়েছে। বড় সেঞ্চুরি করার পথে ও বোলারদের শাসন করেছে। প্রথম ম্যাচটা যে কারো ক্ষেত্রেই বড় ম্যাচ। আর ও ওর স্বাভাবিক খেলাটা খেলেছে।’
সৌরভের চোখে পৃথ্বীর ইনিংসে ইতিবাচক মানসিকতা, টেম্পারমেন্ট ও দৃষ্টিভঙ্গির মতো বিষয়গুলি ধরা পড়েছে। তিনি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আর টেস্টে খেলার মধ্যে পার্থক্য রয়েছে। ও যে রকম খেলেছে তা খুবই দৃষ্টিনন্দন। আশা করছি ও ভারতের হয়ে দীর্ঘদিন খেলবে।’
কিছুদিনের মধ্যেই ভারত অস্ট্রেলিয়া সফরে যাবে। ওই সফরে পৃথ্বী ভালো খেলতে পারেন বলে আশা প্রকাশ করেছেন সৌরভ। তিনি বলেছেন, ‘পৃথ্বী ব্যাকফুটের প্লেয়ার। অস্ট্রেলিয়ার ও ভালো খেলতেই পারে।’