রাশিয়ায় চলতি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। আগামী মঙ্গলবার সেমিফাইনাল ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটি দেখতে রাশিয়া যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো। কথা রাখতেই তিনি এ ম্যাচে গ্যালারিতে হাজির হবেন।
খেলা দেখা ছাড়াও এই সফরে রাষ্ট্রীয় কোনও কাজ করবেন না তিনি। ফ্রান্স প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
গত মে মাসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হওয়া ইকোনোমিক ফোরামের বৈঠকে উপস্থিত ছিলেন ম্যাঁক্রো। সেখানে তিনি জানিয়েছিলেন, ফ্রান্স যদি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে তাহলে খেলা দেখতে আবার রাশিয়া যাবেন তিনি। সেই কথা রাখতেই মঙ্গলবারের ম্যাচ দেখতে রাশিয়া যাচ্ছেন তিনি।
এলিসি প্যালেস থেকে জানানো হয়েছে, রাশিয়ায় ম্যাঁক্রো শুধুমাত্র খেলার দেখার জন্যই এ সফর করবেন। সেখানে আর কোনও পরিকল্পনা নেই তার।
ম্যাঁক্রোর এ সফরকে স্বাগত জানিয়ে বার্তা দিয়েছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট খেলা দেখার উদ্দেশ্যে রাশিয়া সফরে আসছেন এতে আমরা খুশি।