টপ পোষ্ট

ইতালিতে বিলাসবহুল বাড়ি রোনালদোর জন্য!

0

এক হাজার বর্গমিটারের বিলাসবহুল ওই বাড়িতে আছে আটটি বেড রুম। আছে সুইমিংপুল। এ ছাড়া আছে দুটি গোপন সুরঙ্গ পথও!

রাশিয়া বিশ্বকাপের আগে থেকেই গুঞ্জন উঠেছিল, রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড থেকে পর্তুগাল বিদায় নিতেই সেই গুঞ্জনের ডালপালা ছড়াতে থাকে। সর্বশেষ জানা যায়, রোনালদোর পরবর্তী গন্তব্য জুভেন্টাস! এই গুঞ্জনে নতুন মাত্রা দেয় জুভেন্টাসের সাবেক কর্মকর্তার টুইটার, যেখানে তিনি দাবি করছেন, ইতোমধ্যে জুভেন্টাসের জন্য রোনালদোর স্বাস্থ্য পরীক্ষাও হয়ে গেছে।

তবুও রিয়াল মাদ্রিদ সমর্থকদের ধারণা, এ সবই গুঞ্জন। কোনো সত্যতা নেই। তবে ইতালির গণমাধ্যমের নতুন এক সংবাদে নড়েচড়েই বসতে হচ্ছে রিয়াল সমর্থকদের। দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে, এরই মধ্যে রোনালদোর জন্য বিলাসবহুল বাড়ির ব্যবস্থাও হয়ে গেছে ইতালিতে! স্ত্রী-সন্তানদের নিয়ে স্ত্রাদা সান ভিতো রেভিলিয়াস্কোতে অবস্থিত ওই বিলাসবহুল বাড়িতে এখন শুধু রোনালদোর পা রাখার অপেক্ষা।

ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, স্ত্রাদা সান ভিতো রেভিলিয়াস্কো এলাকাটি ভিআইপি এলাকা বলে পরিচিত। সেখানেই রোনালদোর জন্য জুভেন্টাস ক্লাব প্রেসিডেন্ট আন্দ্রেয়া আগনিলি নাকি স্বয়ং ওই বাসাটি পছন্দ করেছেন! ওই দর্শনীয় ভিলাতেই থাকতেন সাবেক রিয়াল কোচ জিনেদিন জিদান। সাবেক ইতালিয়ান ডিফেন্ডার ফাবিও ক্যানাভারোও থেকেছেন সেখানেই।

বিশাল ওই ভিলাটির আয়তন এক হাজার বর্গমিটার। বিলাসবহুল ওই বাড়িতে আছে আটটি বেড রুম। আছে সুইমিংপুল। এ ছাড়া আছে নিজেদের আড়ালে রাখার বিভিন্ন ব্যবস্থা। যেমন এতে নাকি দুটি গোপন সুরঙ্গ পথ আছে, যেগুলো দিয়ে সবার চোখ এড়িয়ে সুইমিংপুলে যেতে পারবেন রোনালদো। এ ছাড়া পাপারাজ্জিদের যন্ত্রণার হাত থেকে বাঁচার জন্য দুটি গোপন জায়গা আছে, যেখানে খোলামেলা সময় কাটানো যায়।

স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রতি মৌসুমে ৩০ মিলিয়ান ইউরোর বিনিময়ে ইতালিয়ান ক্লাবটি চার বছরের চুক্তি করছেন রোনালদো। যদিও ২০২১ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি রয়েছে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। এর আগে জুভেন্টাসের সাবেক সভাপতি লুচানো মজ্জি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইতিমধ্যেই নাকি রোনালদোর সঙ্গে জুভেন্টাসের চুক্তি হয়ে গেছে। তার ডাক্তারি পরীক্ষাও হয়ে গেছে এবং তাতে উত্তীর্ণ হয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

এর সঙ্গে এখন যোগ হলো রোনালদোর বিলাসবহুল বাড়ির খবর। দেখার বিষয়, শেষ পর্যন্ত রোনালদোর ক্লাব বদলের গুঞ্জনটা কোথায় গিয়ে গড়ায়!

 

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন