কোপা আমেরিকায় শিরোপা হারিয়ে ২০১৬ সালে একবার ক্ষোভে দুঃখে অবসর নিয়ে আবারও ফিরে এসেছিলেন। কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন, আসন্ন রাশিয়া বিশ্বকাপ জিততে না পারলেও এমন পাগলামি করবেন না। তবে অবসর চিন্তাটা এখন থেকেই মাথায় নিয়ে নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে আর নাও খেলতে পারেন বলে জানিয়েছেন এই তারকা ফরোয়ার্ড। তিনি বলেছেন, ‘আমি জানি না। এটা নির্ভর করবে আমরা কেমন করি এবং কিভাবে শেষ করি তার উপর। ব্যাপারটা হলো আমরা ৩টি ফাইনাল হেরেছি। একটা ফাইনালে পৌঁছানো কতটা অর্থ বহন করে সেই দৃষ্টিভঙ্গির পার্থক্য থেকে আর্জেন্টাইন গণমাধ্যমের সঙ্গে আমাদের এখন দূরত্ব তৈরি হয়েছে।’
২০০৫ সালে জাতীয় দলে অভিষিক্ত সুপারস্টার মেসির যা কিছু অর্জন, সবই কাতালান ক্লাব বার্সেলোনার হয়ে। লা লিগার জায়ান্ট ক্লাবটির জার্সিতে ৩২টি শিরোপা জয়ী মেসির আর্জেন্টিনার জার্সিতে কোনো শিরোপা জিততে পারেননি। তবে ফাইনালে ওঠাকে একেবারে খাটো করে দেখছেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।
তিনি বলেন, ‘৩টি ফাইনাল খেলা সহজ বিষয় নয়। এটা সত্যি যে সেগুলো জেতাটা গুরুত্বপূর্ণ। কিন্তু ফাইনালে পৌঁছানোও সহজ নয়। বিশ্বকাপে খুব ভালো সব খেলোয়াড় আছে। কিন্তু আমাদেরও যোগ্য খেলোয়াড় আছে যারা যে কোনো জাতীয় দল চাইবে। আমরা কাউকে ঈর্ষা করি না।’