সরকারী চাকুরিতে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে কটুক্তি করে জাতীয় সংসদে দেয়া বক্তব্য প্রত্যাহার করতে দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আর তা না করলে দেশব্যাপী অবরোধ করার হুমকি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ।
তারা বলেছেন, ‘৯ এপ্রিল জাতীয় সংসদে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলেছেন। তার এ বক্তব্য আজ বিকেল ৫টার মধ্যে প্রত্যাহার করাসহ তাকে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় আজ মঙ্গলবার ৫ টার পরে দেশব্যাপী ফের অবরোধ করা হবে।’
মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা এ হুঁশিয়ারি দেন।
কমিটির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘আমরা যারা কোটা সংস্কার দাবিতে আন্দোলন করেছি, আমরা অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি। কিন্তু তারপরেও মতিয়া চৌধুরী আমাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন। আমরা এ বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সেইসাথে বিকেল ৫টার মধ্যে এ বক্তব্য প্রত্যাহার করাসহ মতিয়া চৌধুরীকে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি তিনি ক্ষমা না চান তাহলে ৫টার পরে আবার দেশব্যাপী ছাত্রসমাজ অবরোধ করবে।’
উল্লেখ্য, সোমবার (০৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাঙচুর প্রসঙ্গে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘পরিষ্কার বলতে চাই মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ চলছে, চলবে। এই রাজাকারের বাচ্চাদের অবশ্যই আমরা দেখে নিব।’