উস্কানিতে পা না দিয়ে নেতাকর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি সুস্থ আছি, আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যান। বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তার এই নিদের্শনার কথা গণমাধ্যমকর্মীদের জানান।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া সুস্থ আছেন এবং তার মনোবল এখনো অনেক দৃঢ় আছে। বুধবার দুপুর ৩টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারে যান বিএনপির স্থায়ী কমিটির ৭ সদস্য ও একান্ত সচিবের একটি দল।
এই দলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
মঙ্গলবার বেগম খালেদা জিয়ার সঙ্গে জেলখানায় দেখা করার অনুমতি পান বিএনপির সিনিয়র নেতারা।