বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। এ ছাড়া এই দেশের সকল বিমানবন্দরসহ অন্যান্য বন্দরেও সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং সৌদি আরবে চীন থেকে যাওয়া যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
ভৌগলিক অবস্থান এবং চীন থেকে আসা যাত্রীদের কারণে করোনা ভাইরাস বাংলাদেশে আসার ঝুঁকি রয়েছে বলে ধারণা করছেন বিমানবন্দর সংশ্লিষ্টরা।
এমন পরিপ্রেক্ষিতে বিমানবন্দরেরর সবকটি এরাইভেল গেটে স্থাপন করা হয়েছে থারমাল স্ক্যানার। বিদেশ থেকে সব ফ্লাইটে আসা যাত্রীদের বিশেষ করে ঢাকায় চীন থেকে আসা প্রতিদিনের চারটি ফ্লাইটের যাত্রীদের বিশেষ গুরুত্বের সাথে পরীক্ষা-নিরীক্ষা করে ঢাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে।
শুক্রবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদ উল আহসান সাংবাদিকদের বলেন, শাহজালাল বিমানবন্দরে থার্মাল স্ক্যানার করোনা ভাইরাস নির্ণয়ের একটি যুগোপযোগী ব্যবস্থা। এ পদ্ধতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা অনেকটা নিরাপদ থাকব।
এদিকে চীনের স্বাস্থ্য কমিশন বলছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৬ জন মারা গেছে। আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি। এর মধ্যে ২০০ জনের অবস্থা আশঙ্কাজনক।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনের বেশ কয়েকটি শহরে গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ে জেনেভায় জরুরি বৈঠক করেছে বিশ্ব স্ব্যাস্থ্য সংস্থা। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।