বিশ্বব্যাপী নতুন প্রাণঘাতী করোনাভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে, এদের অধিকাংশই চীনের নাগরিক এবং সেখানে এ রোগটিতে এ পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে।
রোববার প্রকাশিত সর্বশেষ তথ্যের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ‘গুরুতর পরিস্থিতির’ মোকাবিলা করছে।
নতুন ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া রোধ করতে বিশ্বব্যাপী স্বাস্থ্য কর্তৃপক্ষগুলো জরুরিভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
গত বছরের শেষ দিকে চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানের একটি সিফুড মার্কেট থেকে, যেখানে অবৈধভাবে বন্যপ্রাণী বিক্রি করা হয়, ভাইরাসটি ছড়িয়েছে বলে বিশ্বাস করা হয়। উহান থেকে ভাইরাসটির প্রাদুর্ভাব চীনের রাজধানী বেইজিং, বৃহত্তম শহর সাংহাইয়ের পাশাপাশি থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডা পর্যন্ত পৌঁছে গেছে।