
বলিউডের প্রথম নারী সুপারস্টার বলা হয় শ্রীদেবীকে। নায়িকা হিসেবে তিনি যেই জনপ্রিয়তা লাভ করেছিলেন, তা আজও অন্যদের জন্য মাইলফলক হিসেবে বিবেচিত হয়। গেল বছরের ২৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন শ্রীদেবী। তার মৃত্যুতে বলিউড-সহ পার্শ্ববর্তী দেশগুলোর সিনেমা জগতেও শোকের ছায়া নেমে আসে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার ভক্তরা সহজে মেনে নিতে পারেনি তার চলে যাওয়া।
শ্রীদেবীর মৃত্যু নিয়ে নানান ধরণের গুঞ্জন শোনা যায়। দুবাইয়ের একটি হোটেলে তিনি মারা যান। বাথটাবে ডুবে তার মৃত্যু হয়। যার ফলে রহস্য জটলা বাঁধে। কেউ কেউ এটাকে স্বাভাবিক মৃত্যু বললেও অনেকেরই দাবি শ্রীদেবীর মৃত্যু অস্বাভাবিক। কেরালার ডিজিপি ঋষিরাজের মতে তো এটা পরিকল্পিত খুন!
কয়েক মাস আগে ঋষিরাজ জানান, তার বন্ধু ড. উমাদাথন ভীষণ অভিজ্ঞ একজন ফরেনসিক বিশেষজ্ঞ। তার কাছেই কৌতূহলের বশে শ্রীদেবীর মৃত্যুর কারণ জানতে চেয়েছিলেন একবার। তখনই বিস্ফোরক মন্তব্য করেন উমাদাথন। ফরেনসিক বিশেষজ্ঞ উমাদাথন বলেন, ‘আমার অনুমান, সম্ভবত এই মৃত্যু স্বাভাবিক নয়। আবার অ্যাক্সিডেন্টাল ডেথও নয়। হতে পারে শ্রীকে খুন করা হয়েছে।’
উমাদাথনের মতে, শ্রীদেবীর মৃত্যু যেভাবে হয়েছে, কোনও মানুষ সেভাবে এক ফুট পানিতে ডুবে মারা যেতে পারে না। তিনি যতই মদ্যপান করুন না কেন, বাস্তবে এটা প্রায় অসম্ভব। একমাত্র কেউ যদি তার পা এবং মাথা জলে ডুবিয়ে চেপে রেখে দেয়, তাহলেই এভাবে মৃত্যু ঘটতে পারে।
এমন মন্তব্যের পরই আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তবে এই মন্তব্যকে একদমই পাত্তা দিতে চান না শ্রীদেবীর স্বামী প্রযোজক বনি কাপুর। সম্প্রতি ঋষিরাজের মন্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে বনি কাপুর বলেন, এ ধরণের মনগড়া গল্প ভবিষ্যতেও শোনা যাবে। তাই আলাদা করে এগুলোর উত্তর দেওয়ার প্রযোজন বলে মনে করি না আমি।’