ব্রাজিলের ঘরের মাঠে আগামী মাসে বসছে কোপা আমেরিকা। তার আগেই অবশ্য নেইমারের সঙ্গে তার আচরণগত সমস্যা নিয়ে কথা বলবেন হলুদ জার্সিধারীদের কোচ তিতে।

বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না নেইমারের। যে কারণে লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগে সমান তিনটি করে ম্যাচে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন পিএসজির এ ফরোয়ার্ড নেইমার।
কয়েকদিন আগেই নেইমার ফরাসি ফুটবলে তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি দুই ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা পেয়েছেন রেনের বিপক্ষে ফরাসি কাপের ফাইনালে সমর্থকের সঙ্গে বাজে আচরণ করে। তারও আগে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মধ্যে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করায় তাকে ইউরোপ সেরার এ টুর্নামেন্টে তিন ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা। যে কারণে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শুরুর তিন ম্যাচ মাঠে নামতে পারবেন না পিএসজির এ ফরোয়ার্ড। কোপা আমেরিকার আগে তাই নেইমারের আচারণ নিয়ে ভাবছে ব্রাজিলও। আর তাই তার সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন কোচ তিতে, ‘নেইমার একটা ভুল করল, যা ছিল তার দোষ। আমি এ ব্যাপারে নেইমারের সঙ্গে কথা বলব। আমি তার সঙ্গে শিক্ষা সম্পর্কে কথা বলব।’
তিতে আরও বলেন, ‘আমি ব্রাজিলের কোচ হিসেবে নেইমারের সঙ্গে কথা বলব, একই সঙ্গে একজন মানুষ হিসেবেও; কথা হবে শিক্ষা ও আচরণরীতি নিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো নেইমারের সঙ্গে একটা মত বিনিময় করা। … একজন খেলোয়াড়ের আচরণগত যে কোনো সমস্যাই শিক্ষা বিষয়ক হিসেবে বিবেচিত হবে।’
আগামী ১৫ জুন কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি ঐ দিন বাংলাদেশ সময় সকালে শুরু হবে।