ছয় মাসের রাজ্যপালের শাসনের মেয়াদ শেষে ভারত নিয়ন্ত্রীত কাশ্মীরে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন। বুধবার সেখানে রাজ্যপালের শাসনের মেয়াদ শেষ হয়েছে। গত জুন মাসে মেহবুবা মুফতির নেতৃত্বাধীন জোট সরকারের উপর থেকে বিজেপি সমর্থন তুলে নিলে তা সংখ্যালঘু হয়ে পড়ে, যার জেরে জম্মু ও কাশ্মীরে ছয় মাসের জন্য রাজ্যপালের শাসন আবশ্যিক হয়ে পড়ে।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি শাসনের মেয়াদ তিন বছরের বেশি বলবৎ হতে পারে না। তবে এর ব্যতিক্রম ঘটাতে পারে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কমিশনকে জানাতে হবে যে, রাজ্যে বিধানসভা নির্বাচন করার মতো পরিস্থিতি নেই।
ভারতীয় সংবিধানের ৩৫৬ নম্বর অনুচ্ছেদের আওতায় না পড়ার কারণে জম্মু ও কাশ্মীরের রাজ্য সংবিধানের ৯২ নম্বর ধারা অনুসারে নেয়া যাবতীয় সিদ্ধান্তে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। এই ব্যাপারে সংবিধানের ৭৪ (১) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার পরামর্শ মেনে অনুমোদন দেন রাষ্ট্রপতি।