টপ পোষ্ট

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি

0

নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ ক্রিকেট অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, জাতীয় ক্রিকেট দলের অন‌্যতম সফল অধিনায়ক নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি বিন মর্তুজা। নামাজ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এই তারকা।

বুধবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় নড়াইল শহরের মহিষখোলা এলাকায় মাশরাফির চিরচেনা সেই খেলার (সরকারি বালক বিদ্যালয়ের মাঠ) মাঠের পাশে অবস্থিত নড়াইল পৌর ঈদগাহে জেলার প্রধান জামায়াতে নামাজ আদায় করেন তিনি।

নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ‌্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়রসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকেরা জেলার এই প্রধান জামায়াতে নামাজ আদায় করেন।

নামাজ শেষে সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন ও ভক্তদের সাথে কোলাকুলি করেন বাংলাদেশ ক্রিকেট দলের অন‌্যতম সফল এই অধিনায়ক।

ঈদের আনন্দ পিতামাতা, বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন ও নড়াইলে ভক্তদের সাথে ভাগাভাগি করতে ২১ আগস্ট (মঙ্গলবার) জন্মস্থান নড়াইলে পৌঁছান তিনি। খুব দ্রুতই মাশরাফি নড়াইলে আসার খবর ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে। তিনি আসার পর থেকেই শহরের আলাদাপুর মামা বাড়িতে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নড়াইলসহ দেশের বিভিন্নস্থান থেকে মাশরাফির ভক্তরা আসতে শুরু করেছেন। প্রিয় মাশরাফিকে এক নজর দেখার জন্য মামার বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকেরা। প্রিয় এই তারকাকে এক নজর দেখে ও তার সাথে সেলফি তুলতে পেরে আনন্দে আত্মহারা ভক্তরা।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন