ব্যাট হাতে তার মাঠে নামা মানেই রানের বন্যা। সেইসঙ্গে সেঞ্চুরির উৎসব তো নিয়মিতই চলে। মাঠে তার আগ্রাসী নেতৃত্ব উদ্বুগ্ধ করে সতীর্থদের। ব্যাট হাতে প্রতিপক্ষকে কচুকাটা করে ফেলতে তার জুড়ি নেই। তারপরেও সমালোচনার নিশানায় থাকেন তিনি। দুটি ম্যাচ কিংবা একটি সিরিজ খারাপ খেললেই তার বিরুদ্ধে সমালোচনায় মাতে দর্শকরা। তিনি বিরাট কোহলি।
ওয়ানডেতে ৩৫টি সেঞ্চুরির মালিক। সামনে কেবেল শচীন টেন্ডুলকার। আর ক্রিকেটের বড় ফরম্যাটে গতকাল করে ফেললেন ২৩তম সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে। এই ইংল্যান্ডের মাটিতেই এতদিন তার গড় ছিল মাত্র ১৩.৪০! সাবেক ক্রিকেট গ্রেটরা বলতেন, ইংল্যান্ডের মাটিতে কিছু করতে পারে না, আবার বড় বড় কথাং সেই কোহলির চলতি সফরে তিন টেস্ট রান করলেন ৪৪০! গড় ৭৩.৩৩।
২০১৪ সালে এই ইংল্যান্ডেই চরম ব্যর্থ হয়েছিলেন কোহলি। তার সঙ্গী ছিলেন প্রেমিকা আনুশকা শর্মা। কোহলির ব্যর্থতায় ভারতীয় মিডিয়া আর সমর্থকেরা আনুশকার চৌদ্দগুষ্টি উদ্ধার করেছিল। এরপর অনেকদিন আনুশকাকে গ্যালারিতে দেখা যায়নি। টেন্টব্রিজে গতকাল দেখা গেল। সেঞ্চুরির পর ফ্লাইং কিস ছুড়লেন কোহলি। চাপা অভিমান নিয়েই যেন হাততালি দিলেন প্রেমিকা থেকে জীবনসঙ্গী হয়ে যাওয়া আনুশকা।
ইংল্যান্ডে চলমান টেস্ট সিরিজে তার রানগুলো দেখুন। তিন টেস্টের দুই ইনিংসে তার রান যথাক্রমে ১৪৯, ৫১, ২৩, ১৭, ৯৭ এবং ১০৩! ইংল্যান্ডের মাটিতে ভারতের কোনো ব্যাটসম্যান এত রান করতে পারেননি। সর্বোচ্চ ৪২৬ এতদিন ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের। ১১৮ ইনিংসে করেছেন ২৩তম টেস্ট সেঞ্চুরি। তার চেয়ে দ্রুততম ছিলেন স্যার ডন ব্র্যাডম্যন, সুনিল গাভাস্কার এবং স্টিভেন স্মিথ।
বলা হয়ে থাকে যে, যারা বেশি অবদান রাখে তাদেরকেই নাকি বেশি কথা শুনতে হয়। বিরাট কোহলির হয়েছে সেই দশা। তবে ক্যারিয়ার শেষে যে ক্রিকেটবিশ্ব তাকে যে আসনে বসাবে, সেই সিংহাসন তিনি এখনই তৈরি করে ফেলেছেন। কোহলি অবিশ্বাস্য! কোহলি সত্যিই বিরাট!