
জামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক দুই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় মা-ছেলেসহ মোট তিনজনের করুণ মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ও সন্ধ্যায় দুর্ঘটনাগুলো ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার পুরাতন রেললাইন এলাকার রাজু (১৪) ও তার মা লাকী আক্তার (৪০)। অপর নিহত ব্যক্তি মেলান্দহ উপজেলার দক্ষিণ হাজরাবাড়ি এলাকার দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জোনায়েদ হাসান তায়িব।
আরও দেখুন
বিনোদন সংবাদ
অনলাইন অভিধান ব্যবহার
ম্যাপ রেফারেন্স দেখা
স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, ঘরের ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ঠিক করতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাজু। তাকে বাঁচাতে এগিয়ে গিয়ে তার মা লাকী আক্তারও বিদ্যুতায়িত হন। দুই স্বজনকে চোখের সামনে বিপদে দেখে উদ্ধার করতে গিয়ে রাজুর দাদি বুলি বেগম গুরুতর আহত হন।
এদিকে কোনা মালঞ্চ আমেনা দাখিল মাদরাসার ছাত্র তায়িব টিফিনের পর শ্রেণিকক্ষে বই আনতে যায়। সেখানে ভবনের ছাদ ঘেঁষে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত স্পর্শ লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন ও মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।