গতবছর সাময়িক ফর্মহীনতার কারণে অনেকেই ভারতের ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনিকে সরে যাওয়ার কথা বলেছিলেন। ধোনি নেতৃত্ব থেকে সরেও দাঁঁড়িয়েছিলেন। এরপরই সাধারণ ক্রিকেটার হয়ে তিনি দেখিয়ে যাচ্ছেন নিজের ভেলকি। ৩৬ বছর বয়সেও বাইশ গজে ক্যারিশম্যাটিক পারফর্মেন্স। চলতি আইপিএলে যা দেখাচ্ছেন তিনি, তাতে গাঙ্গুলী-লক্ষণদের মতো তার অতি বড় সমালোচকরাও প্রশংসায় ভাসাচ্ছেন। সেই ধোনির অবসর নিয়ে আবারও গুঞ্জন!
ধোনিকে বলা হয় এই সময়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) তো ‘ধোনি রিভিউ সিস্টেম’ হয়ে গেছে! ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও রিভিউ নিতে ধোনির মতামতের অপেক্ষায় থাকেন। কখনও কোহলির মতের অপেক্ষা না করে নিজেই ডিআরএস চেয়ে বসেন ধোনি। অবিশ্বাস্য হলেও সত্য যে, সেগুলো প্রায় শতভাগ সফল হয়! এমন অসাধারণ ক্রিকেট মস্তিষ্কের অধিকারী ধোনি নাকি চলতি আইপিএল শেষেই অবসরে যাচ্ছেন!
না, এটি কোনো পাকা খবর নয়। ধোনির ঘনিষ্ট একজন ভারতের এক সংবাদমাধ্যমকে এমন তথ্য দিয়েছেন। ২০০৮ সাল থেকে আইপিএলে চেন্নাই দলের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক সাবেক ভারত অধিনায়কের। ২ বছরের নির্বাসন কাটিয়ে এবারের আইপিএলে ফিরে প্লে-অফে পৌঁছে গিয়েছে ধোনির চেন্নাই। এর আগে ৮ বারের মধ্যে দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। এছাড়া ৩ বার রানার্সও হয়েছে ধোনির দল। সবমিলিয়ে পরিসংখ্যানের বিচারে আইপিএলের ইতিহাসে অন্যতম ধারাবাহিক দলের নাম চেন্নাই।
চেন্নাই দলে ধোনির অবদান অনস্বীকার্য। আগামী দিনেও ধোনির থেকে একই মানের পারফরম্যান্স আশা করে চেন্নাই। কিন্তু, বর্তমানে ধোনির বয়স যেহেতু ৩৬, তাই ধারাবাহিকতা ধরে রাখাটা সত্যিই কঠিন বলে মনে করছেন ধোনি স্বয়ং। চেন্নাই দলের কিছু সিনিয়র ক্রিকেটার এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ধোনি নিজেই এবার হলুদ জার্সিটা তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন।
টেস্ট থেকে অবসর নেওয়ার পর ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলে যাচ্ছেন ধোনি। ২০১৯ সালের বিশ্বকাপ খেলেই কি তবে ক্রিকেটকে আলবিদা জানাবেন রাঁচির রাজপুত্র? আপাতত এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর নেই। তবে, আইপিএল থেকে অবসর নেওয়ার ইঙ্গিতের মধ্যেই হয়তো লুকিয়ে রয়েছে ‘ক্যাপ্টেন কুল’ এর ভবিষ্যৎ পরিকল্পনা।