
৭৬তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ সর্বোচ্চ সাত বিভাগে পুরস্কার পেয়ে রেকর্ড গড়েছে যুদ্ধবিরোধী জার্মান সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’।
বাংলাদেশ সময় গতকাল রোববার মধ্যরাতে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে পুরস্কার ঘোষণা করেছে বাফটা কর্তৃপক্ষ।
বাফটার প্রায় সাড়ে সাত দশকের ইতিহাসে অ-ইংরেজিভাষী সিনেমা হিসেবে সর্বোচ্চ পুরস্কার বাগে এনেছে সিনেমাটি। এর আগে বাফটায় অ-ইরেজিভাষী সিনেমা হিসেবে ১৯৮৮ সালে সর্বোচ্চ পাঁচটি পুরস্কার পেয়েছিল ইতালির ‘সিনেমা পারাডাইজ’।
জার্মান লেখক এরিখ মারিয়া রোমার্কের ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন এডওয়ার্ড বারগার।
বাফটার এবারের আসরে ১৪ বিভাগের মনোনয়ন পেয়েছিল সিনেমাটি। গত বছর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সবচেয়ে বড় বাজেটের জার্মান সিনেমা এটি। গত বছর সিনেমাটি মুক্তির পরপরই বিশ্বজুড়ে আলোচিত হয়েছে।
এরপর দ্বিতীয় সর্বোচ্চ চার বিভাগে পুরস্কার পেয়েছে ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ ও ‘এলভিস’। এর মধ্যে ‘দ্য বানশিজ অব ইনিশেরিন’ সিনেমাটি ৮০তম গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ ৪ বিভাগে পুরস্কার পেয়েছিল।