মঙ্গলবার থেকে শুরু হয়ে গেলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের ১০০ দিনের কাউন্টডাউন। ১৪ জুন থেকে শুরু এই বিশ্ব আসরের আগে এখন মহাব্যস্ত রাশিয়া। আর ১০০ দিনের কাউন্টডাউনের দিন নেট জগতে এলো আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফার একটি প্রোমোশনাল ভিডিও। যেখানে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নিজের ফুটবল স্কিল দেখাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন!
ফিফার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে ফিফা সভাপতি ইনফান্তিনোর সাথে ফুটবল খেলছেন পুতিন। আর সেটি ক্রেমলিনের গ্রিন হলে। ওখানে দেখা যাচ্ছে রুশ প্রেসিডেন্ট নানা কসরতে পাস দিচ্ছেন। এমনকি এক পর্যায়ে বলে হেড করতেও দেখা যায় তাকে। স্বাভাবিক ফুটবল স্কিলের চেয়ে বেশ ভিন্ন তার নৈপুণ্য।
এই ফুটেজে অবশ্য দেখা যাচ্ছে মেক্সিকোর সাবেক গোলক্ষক ও স্ট্রাইকার হোর্হে কাম্পোস, নাইজেরিয়ার সাবে মিডফিল্ডার জে-চে ওকোচা, অস্ট্রেলিয়ার ফুটবল কোচ গ্যারি কিয়েল, জাপানের মিডফিল্ডার হিদোতেশি নাকাতা এবং ইংলিশ ফরোয়ার্ড ওয়েন রুনিকে। আরো আছেন ব্রাজিলের সাবেক স্ট্রাইকার রোনাল্ডো।
ছোট্ট এই অ্যাডে ফুটবল কিংবদন্তিরা বল নিয়ে নানা কৌশল দেখিয়েছেন এই ১০০ দিনের কাউন্টডাউনকে চিহ্নিত করতে। শেষ ১০টি টাচ ছিল ইনফান্তিনো ও পুতিনের। ফিফা একটি বিবৃতিতে এই ভিডিও নিয়ে জানিয়েছে, ‘ফিফা ফুটবল কিংবদন্তিরাও শেষ পর্যন্ত ফুটবলেরই ভক্ত। এই বিশাল দিন মনে রাখতে অ্যাডিডাস টেলস্টার ১৮এস বল নিয়ে ফিফা ক্যালেন্ডারকে চমৎকার কিছু কৌশলে স্মরণীয় করে রাখলেন।’