
ফাইল ছবি
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৭১ জন।
একই সময়ে নতুন করে আরও তিন হাজার ১৪১ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৭ হাজার ৫২০ জনে।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বরাবরের মতোই করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান ডা. নাসিমা।
এদিকে আজ রোববার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ৭৮ লাখ ৫৫ হাজার ৪শ মানুষ করোনার শিকার হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭২৮ জন। আর আক্রান্ত হয়েও ৪০ লাখ ১৯ হাজার ৪৬৯ জন মানুষ বেঁচে ফিরেছেন। যার হার ৯০ শতাংশ। বর্তমানে বিশ্বের ৩৩ লাখ ৫০ হাজার ১২৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৫৪ হাজার ৭৮ জন। আক্রান্তের হারে যা ২ শতাংশ।
প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।