ওয়ানডেতে একমাত্র বোলার হিসেবে চার বলে ৪ উইকেট নেওয়ার রেকর্ডের মালিক তিনি আগে থেকেই। এবার একই কীর্তি গড়লেন টি-টোয়েন্টিতে। সেই সঙ্গে প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের এই সংস্করণে দুটি হ্যাটট্রিকের অনন্য নজিরও গড়লেন লাসিথ মালিঙ্গা।
নিউ জিল্যান্ডের বিপক্ষে পাল্লেকেলেতে শুক্রবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে নিজের দ্বিতীয় ওভারের শেষ চার বলে চার উইকেট নেন মালিঙ্গা। চারটিই ছিল ভয়ঙ্কর ইয়র্কার।
কলিন মানরোর ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। শুরু হয় অবিশ্বাস্য এক নাটকের। পরের বল লাগে হামিশ রাদারফোর্ডের প্যাডে। জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন তিনি। দেখা যায় বল আঘাত হানতো স্টাম্পে।
তৃতীয় শিকার কলিন ডি গ্র্যান্ডহোম। নিখুঁত ইয়র্কার শেষ মুহূর্তে সুইং করে ভেঙে দেয় অফ স্টাম্প। হ্যাটট্রিকের উল্লাসে মেতে ওঠেন ৩৬ বছর বয়সী এই পেসার।
এর আগে ২০১৭ সালের এপ্রিলে কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন মালিঙ্গা। ইনিংসের শেষের আগের ওভারে টানা তিন বলে ফিরিয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজকে।
এবার অবশ্য হ্যাটট্রিক করেই থামেননি মালিঙ্গা। ওভারের শেষ বলে রস টেইলরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে চার বলে ৪ উইকেটের অনন্য কীর্তি গড়েন কদিন আগে ওয়ানডে থেকে অবসর নেওয়া এই পেসার।