গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা আজকের চলমান হরতালের সমর্থনে রাজধানীর পল্টনে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। রোববার সকালে তারা এ মিছিল করে।
মিছিল থেকে দাবি করা হয়, হরতাল পালনের লক্ষ্যে খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় আয়োজিত মিছিলে পুলিশ হামলা চালিয়েছে ও গ্রেফতার করেছে। পল্টন থেকে মিছিলটি বাহাদুর শাহ পার্কের দিকে যেতে দেখা গেছে।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালনের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট।
মিছিলে বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। পুলিশ দিয়ে হামলা করে হরতাল ঠেকানো যাবে না।’
মিছিলে অংশ নেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, সিপিবির রুহুল হোসেন প্রিন্সসহ নেতাকর্মীরা। এসময় পুলিশকে জলকামান,প্রিজন ভ্যান নিয়ে পল্টন মোড়ে অবস্থান করতে দেখা যায়।