যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নামে ডাকযোগে পাঠানো একটি পার্সেলে বোমা পাওয়া গেছে।
নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ডাকযোগে আসা চিঠি ও অন্যান্য সামগ্রী পরীক্ষার দায়িত্বে থাকা একজন টেকনিশিয়ান বুধবার বিস্ফোরকটি সনাক্ত করেন। ক্লিনটন দম্পতি থাকেন নিউ ইয়র্ক সিটির শহরতালীর একটি বাড়িতে। তবে ওই বাড়িতেই বোমাটি পাওয়া গেছে কি না- সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি নিউ ইয়র্ক টাইমস।
একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, গত সোমবার বিলিয়নেয়ার জর্জ সোরোসের বাড়িতে যে ধরনের বিস্ফোরক পাঠানো হয়েছিল, ক্লিনটনদের পাঠানো বোমাটিও সে ধরনের। হেজ ফান্ড ব্যবসায়ী জর্জ সোরোসও নিউ ইয়র্ক সিটির শহরতালীতে থাকেন। তার বাড়িতে পাঠানো বোমাটি তৈরি করা হয়েছিল প্রায় ছয় ইঞ্চি দীর্ঘ একটি পাইপের ভেতরে বিস্ফোরক পাউডার ভরে।
কারা কেন ওই বোমা তাকে পাঠিয়েছিল, তা এখনও উদঘাটন করতে পারেনি পুলিশ। এর দায়ও কেউ স্বীকার করেনি। ব্যবসা ছেড়ে এখন দাতব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়োজিত সোরোস বিভিন্ন সময়ে উগ্র ডানপন্থিদের সমালোচনার শিকার হয়েছেন।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সম্প্রতি মেক্সিকো থেকে একদল অভিবাসীর যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টায় জর্জ সোরোস সহযোগিতা করেছিলেন বলে প্রচার চালানো হচ্ছে, যদিও তা সঠিক নয়।