টপ পোষ্ট

এক পরিবারে সদস্য ৩৪৬ জন!

0

সন্তান-সন্ততি, নাতি-পুতি মিলিয়ে ৫০/৬০ জনের পরিবার আমাদের দেশে দুর্লভ কিছু নয়। বরং বছর পঞ্চাশেক আগেও শ’খানেক সদস্যের পরিবারও গ্রামে-গঞ্জে চোখে পড়ত হরহামেশাই। কিন্তু যদি বলা হয়, একই পরিবারের সদস্য সংখ্যা প্রায় সাড়ে তিনশ! শুনে চোখ কপালে উঠলেও ইউক্রেনের অশীতিপর পাভেল সেমেনাওকের পরিবারের সদস্য সংখ্যা সাড়ে তিনশ থেকে মাত্র চার জন কম! আর তারা সবাই বেশ বহাল তবিয়তেই বাস করছেন পাশাপাশি গ্রামে।

দক্ষিণ ইউক্রেনের ওডেসা ব্লাস্ট অঞ্চলের ডবরোস্লাভ গ্রামের বাসিন্দা পাভেল সেমেনাওক (৮৭)। নিজের সন্তান মাত্র ১৩ জন হলেও তাদের সন্তান-সন্ততি এবং নাতি-পুতি মিলিয়ে ৩৪৬ জন জীবিত বংশধরের হর্তাকর্তা তিনি! এর মধ্যে ১৩ সন্তানের ঘরে সেমেনাওকের নাতি-নাতনি ১২৭ জন, এর সাথে প্রপৌত্র (সন্তানের নাতি-নাতনি) ২০৩ জন! এখানেই শেষ নয়, সেমেনাওকের নাতি-নাতনির ঘরে জন্ম নেওয়া নাতি-নাতনিও রয়েছে ৩ জন! মাত্র দুই সপ্তাহ আগেই জন্ম নিয়েছে এই পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য।

পরিবার তো পরিবার, ইউক্রেনের অনেক গ্রামের জনসংখ্যাই সেমেনাওকের পরিবারের সদস্যের চেয়ে কম!

বয়সের ভারে কর্মজীবন থেকে বিশ্রামে যাওয়া এই নির্মাণ শ্রমিক সেমেনাওক তার এই বিশালাকার পরিবার নিয়ে অবশ্য কোনোভাবেই চিন্তিত নন। বরং ব্যক্তিগতভাবে এমন বিশাল পরিবার গড়তে পেরে তিনি নিজেকে সফল ও সুখী বলেই মনে করেন। তবে এত বড় পরিবার হওয়ায় সমস্যাতেও পড়তে হয় তাকে। তার ভাষায়, আমার একটামাত্র সমস্যা হলো— সবার নাম মনে রাখতে পারি না! বড়দের নাম মনে থাকছে, তবে ছোটদের নাম মনে করতে গেলেই মুশকিলে পড়ে যাই!

বিশাল এই পরিবারের সদস্যদের বসবাস পাশাপশি গ্রামে। পরিবারের ৩০ জন ছেলেমেয়ে এখন স্থানীয় বিদ্যালয়ে পড়াশুনা করছে। তবে যারা পেশাজীবনে প্রবেশ করেছে, তারা সবাই সেমেনাওককেই অনুসরণ করেছেন— সবাই-ই নির্মাণ শ্রমিক। এতে অবশ্য পরিবারের ছোট সদস্যরা বেশ সুবিধা পেয়ে থাকেন। বিয়ে হলেই সবাই মিলে তার জন্য তৈরি করে দেন নতুন ঘর। সেমেনাওক পরিবারের সদস্যরা বলছেন, এটা তাদের একরকম অলিখিত রীতিতে পরিণত হয়েছে।

যে পরিবারের সদস্য সংখ্যা এত বেশি, সেই পরিবারে কোনো অনুষ্ঠান হলে যে হুলুস্থুল কাণ্ড হবে, তা তো বলার অপেক্ষাই রাখে না। কারও বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে নিজেদের পরিবারের সদস্যদের উপস্থিতিতেই মোটামুটি এক গ্রামের আয়োজন হয়ে যায়।

স্বাভাবিকভাবেই ইউক্রেনের সবচেয়ে বড় পরিবারের স্বীকৃতি পেয়েছে পাভেল সেমেনাওকের পরিবারটি। তবে হিসাব ঘেঁটে দেখা যায়, বিশ্বেরই সবচেয়ে বড় পরিবার এটি। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে সেই আবেদনের প্রস্তুতিই নিচ্ছেন সেমেনাওক।

স্থানীয় তথ্য দফতরের রেজিস্ট্রার লানা ভেটরোভা বলেন, ওরা সত্যি অসাধারণ একটি পরিবার। গিনেজ বুকে সবচয়ে বড় পরিবারের রেকর্ড ভারতের একটি পরিবারের দখলে। তাদের সদস্য সংখ্যা ১৯২ জন। সেমেনাওকের পরিবারের তুলনায় তাকে ‘মাত্র’ ১৯২ জন বললেও ভুল হয় না। তাই আমরা আশা করছি, আনুষ্ঠানিকভাবেও শিগগিরই এই রেকর্ড নিজের করে নেবে সেমেনাওকের পরিবার।

শেয়ার করুণ

আপনার মন্তব্য দিন