হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু গতবারের চ্যাম্পিয়ন জার্মানির৷ মস্কোর লুজনিকি স্টেডিয়ামে সবুজ ঘাসে বল পায়ে ঝড় তুলল মেক্সিকো৷ গ্যালারির মেক্সিকান ওয়েভের পাশাপাশি মাঠেও ঢেউ মেক্সিকানদের৷ প্রথমার্ধে মধ্য আমেরিকার এগারো যোদ্ধার সামনে জার্মানির ডিফেন্স চূর্ণ হওয়ার ছবি আজ যেন প্রতীকী৷ এরপর দ্বিতীয়ার্ধে একের পর এক চেষ্টা করেও গোলের দরজা খুলতে পারেনি জোয়াকিম লো’র ছেলেরা৷
২৪ ঘন্টা আগেই আইসল্যান্ডের ডিফেন্ডের সামনে ঘাম ঝড়িয়েও মেসিরা গোলমুখ খুলতে পারেনি৷ এদিন প্রায় ডজন সুযোগ পেয়ে গোলের দেখা পেল না মুলাররা৷ উল্টে প্রথমার্ধে ৩৫মিনিটে লোজানোর গোলে এগিয়ে যায় মেক্সিকো৷ প্রতিআক্রমণে ঝড় তুলেই গোলের দেখা যায় মেক্সিকো৷ ফাইনাল বাঁশি বাজা পর্যন্ত সেই লিড ধরে রেখেই বাজিমাত৷ আইসল্যান্ডের বিরুদ্ধে মেসিদের ড্র-য়ের পর এবার জার্মানির হার রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় অঘটন৷
২০১৪ মতো এবারও অঘটন দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করল চ্যাম্পিয়ন দল৷ শেষবার ২০১০ এর বিশ্বকাপ জয়ী স্পেন ব্রাজিলের মাটিতে নেদারল্যান্ডের কাছে ১-৫ হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে৷ তার আগে ২০০২ সালে সেনেগালের কাছে ০-১ ব্যবধানে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ১৯৯৮এর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স৷ ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে ০-১ হেরেছিল ১৯৮৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা৷ সেই খাতায় এবার নাম লিখিয়ে ফেলল জার্মানরা৷ অন্যদিকে ১৯৮২ এর পর এই প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ হারল জার্মান ব্রিগেড৷
শেষ বারের চ্যাম্পিয়নদের খেলা দেখে হতাশ ফুটবলদুনিয়া৷ আক্রমণে ঝড় তুলেও জার্মান দল কীভাবে গোলকানা হয়ে গেল, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ ম্যাচে দুই অর্ধ মিলিয়ে মোট ২৬টি শট নিয়েছে জার্মানি, যার মধ্যে তেকাঠিতে ছিল ৯টি শট৷ প্রত্যেক বাড়েই অবশ্য মেক্সিকান গোলরক্ষক ওচোয়ার হাতে জার্মানদের আক্রমণ জমা পড়ে যায়৷ অন্যদিকে দুই অর্ধ মিলিয়ে কয়েকটি সহজ সুযোগ হাতছাড়া না করলেও জার্মানির বিরুদ্ধে জয়ের ব্যবধান বাড়াতে পারত মেক্সিকো৷