পাকিস্তান তেহরিক-ই ইনসাফ বা পিটিআই দলের নেতা ইমরানের প্রাক্তন স্ত্রী রেহাম খান আত্মজীবনী লিখেছেন। শীঘ্রই বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই বইয়ের বিতর্কিত অংশ নিয়ে মুখ খুলেছে ইমরানের দল৷
প্রকাশের আগেই রীতিমতো তোলপাড় শুরু হয়েছে রেহাম খানের আত্মজীবনী নিয়ে। বইটির পাণ্ডুলিপি অনলাইনে ফাঁস হওয়ার পরই শুরু হয়েছে হইচই৷ দাবি উঠেছে বইটির প্রকাশনা বন্ধ করার।
এরই মধ্যে পিটিআইয়ের দাবি রেহাম খানকে খুব তাড়াতাড়ি একটা বিবৃতি প্রকাশ করতে হবে৷ যেখানে বইয়ের বিতর্কিত অংশগুলি নিয়ে নিজের বক্তব্য জানাতে হবে তাঁকে৷ কারণ যেভাবে তিনি ইমরানকে ইচ্ছাকৃতভাবে কলঙ্কিত করতে চেয়েছেন, তা মেনে নেবে না পিটিআই৷
শুধু তাই নয়, নিজেদের মাস কয়েকের বিবাহিত জীবন সম্পর্কে কুরুচিকর কিছু মন্তব্য করেছেন তিনি৷ সে সম্পর্কেও সত্য ঘটনা প্রকাশ করতে হবে রেহামকে৷ এই বইয়ে ইমরান খানের দ্বিতীয় স্ত্রী রেহাম খান বিস্ফোরক অভিযোগ এনেছেন বলে জানা গিয়েছে৷ এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদপত্র ডন নিউজ৷ তারা জানিয়েছে রেহাম খানের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে পিটিআই৷ কারণ তার বইটি ইমরান খানের ভাবমূর্তি নষ্ট করেছে৷ কীভাবে বিয়ের আগে রেহাম খানকে যৌন নির্যাতনের চেষ্টা চালিয়েছিল ইমরান, সেটাই উল্লেখ করেছেন ইমরানের দ্বিতীয় স্ত্রী রেহাম। আর সেখানেই আপত্তি। বইটিকে ‘পর্নোগ্রাফি’ বলেও উল্লেখ করেছে ইমরানের দল।
এক সাংবাদিক সম্মেলনে পিটিআইয়ের ইনফরমেশন সেক্রেটারি জানান, রেহাম খানের বইটি আসলে নিষিদ্ধ বইয়ের তালিকার নতুন সংযোজন৷ পারিবারিক মূল্যবোধের কোনও জায়গা রাখেননি রেহাম৷ প্রাক্তন পাক প্রেসিডেন্ট নওয়াজ শরিফ রেহামকে সাহায্য করছেন৷ যাতে সামনের নির্বাচনে ইমরান খানকে কলঙ্কিত করে ভোটবাক্সে ফায়দা তোলা যায়৷
এর আগে, জিও নিউজের একটি অনুষ্ঠানে এসে বিস্ফোরক হন রেহাম৷ তিনি জানান, তিনি চুপ করে থাকেন মানে এই নয় যে তিনি কিছু জানেন না৷ তিনি এও জানান তাঁকে একটি নোটিশ পাঠানো হয়েছে৷ এভাবেই ভয় দেখিয়ে বিভিন্ন মানুষকে চুপ করিয়ে দেওয়া হয়, এভাবেই তাঁকেও ধমকানো, ভয় দেখানো হচ্ছে ৷
২০১৭ সাল থেকে তাঁকে ইমেলের মাধ্যমে ভয় দেখানো হচ্ছে ৷ নিজের ছেলেকে নিয়ে কারোর সঙ্গে দেখা করলেও সেই ছবি তুলে তাঁকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ৷ রেহামের বিস্ফোরক অভিযোগ তিনি যে বই বার করবেন বলেছেন তাতেই তাঁর শত্রুরা ভয় পেয়ে গেছে ৷