সদ্যই বিয়ে সেরেছেন সোনাম কাপুর। বিয়ের পর হাতে মেহেদি নিয়ে কান-এ হাজির হয়েছেন অনিল কন্যা। কান থেকে ফিরে আসার পর ‘ভির দি ওয়েডিং’-এর প্রমোশনে ব্যস্ত সোনম কাপুর। ফলে, বিয়ের পর সোনম-আনন্দ কোথায় মধুচন্দ্রিমা কাটাবেন, সে বিষয়ে কোনও খোঁজ মেলেনি। যা নিয়ে এখনও বেশ সরগরম সোশ্যাল সাইট। কিন্তু, সোনম-আনন্দ মধুচন্দ্রিমার জন্য নাকি গ্রিসে উড়ে যাচ্ছেন!
বলিউডের খবর, নিজের ইনস্টাগ্রাম একাউন্টে নাকি সোনম আভাস দিয়েছেন, মধুচন্দ্রিমার জন্য তাঁরা উড়ে যেতে পারেন গ্রিসে। কবে মধুচন্দ্রিমা কাটাতে গ্রিসে যাবেন সোনম-আনন্দ, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।
এদিকে বিয়ের পর আনন্দের সঙ্গে সোনম কাপুর কোথায় থাকবেন, তা নিয়ে শুরু হয় গুঞ্জন। মুম্বাই, দিল্লি না লন্ডনের নতুন বাড়িতে ঘর বাঁধবেন সোনম তা নিয়ে গুঞ্জন শুরু হয়। কিন্তু, কান থেকে ফিরে আসার পর সোনম জানিয়েছেন, বিয়ের কয়েক মাস আগে থেকে যেভাবে তিনি মুম্বাই, লন্ডন করছেন, বিয়ের পর ঠিক তেমনিভাবেই মুম্বাই এবং লন্ডনের বাড়িতে তিনি থাকবেন বলেও জানিয়েছেন আহুজা ঘরণী।